নীলফামারীতে তিস্তার পানি কমছে

নীলফামারী জেলায় তিস্তা নদীর পানি কমছে। আজ শনিবার বিকেলে তিস্তা ব্যারাজ পয়েন্টে এই নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল শুক্রবার বিকেলে সেখানে পানি আরও কম ছিল। ওই সময় তিস্তার পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে ছিল। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র এ তথ্য জানিয়েছে।
পাউবো সূত্র জানায়, ২১ জুলাই তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ২২ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ওই সময় পানি বাড়ায় জেলার ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হয়। এতে এসব গ্রামের প্রায় ২০ হাজার মানুষ তৃতীয় দফায় পানিবন্দী হয়ে পড়ে।
পাউবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্র জানায়, লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল ৬টায় বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার, সকাল ৯টায় ৪৮ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৩৫ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
এ বিষয়ে পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, আজ বেলা ৩টায় তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।