নীলফামারীতে তিস্তার পানি কমেছে, এখনো দুই হাজার মানুষ পানিবন্দী
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। আজ শনিবার দুপুর ১২টায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে শুক্রবার সকালে পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি কমতে শুরু করলেও এখনো ২ হাজার মানুষ পানিবন্দী। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা। চলতি বছরের ৯ জুলাই তিস্তা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার ওপরে ওঠে। এক মাস পর শুক্রবার পানি আবার বাড়ে।
পাউবোর ডালিয়া বিভাগের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সূত্রমতে, তিস্তা ব্যারাজ পয়েন্টে শনিবার সকাল ৬টায় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার, সকাল ৯টায় ৫২ দশমিক ৫০ সেন্টিমিটার এবং দুপুর ১২টায় ৫২ দশমিক ৫৩ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। শুক্রবার বেলা তিনটায় সেখানে পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে ছিল। শুক্রবারের তুলনায় শনিবার দুপুর ১২টা পর্যন্ত পানি কমেছে ১৭ সেন্টিমিটার। ওই পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, উজানের বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে শুক্রবার পানি বিপৎসীমা অতিক্রম করে। পানি কিছুটা কমলেও তিস্তা চরাঞ্চলের প্রায় দুই হাজার পরিবার এখনো পানিবন্দী আছে। তবে গতকাল প্রায় ৫ হাজার পরিবারের বসতভিটা পানিতে নিমজ্জিত ছিল।
এদিকে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ গত ২৪ ঘণ্টায় জেলার গড় বৃষ্টিপাত রেকর্ড করেছে সাড়ে ৯ মিলিমিটার। শুক্রবার জেলার তা ছিল সাড়ে ২২ মিলিমিটার।
পাউবোর ডালিয়া বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, পানি ধীরে ধীরে কমছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি (৪৪) জলকপাট খুলে রাখা হয়েছে।