নীলফামারীতে তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপরে
নীলফামারীতে তিস্তা নদীর পানি দুই দিন ধরে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিস্তায় পানি বাড়ায় জেলার ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি, খালিশা চাঁপানী, ঝুনাগাছ চাঁপানী ও গয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীবেষ্টিত প্রায় ১৫টি গ্রামের পাঁচ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।
চলতি বছরের ৯ জুলাই তিস্তা নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার ওপরে ওঠে। এরপর পানি কমতে থাকে। ডিমলা উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আমিনুর রহমান জানান, তিস্তা নদীর পানি বাড়ার কারণে ইউনিয়নের ছাতুনামা, কেল্লাবাড়ি, ভেন্ডাবাড়ি চর এলাকার অনেকগুলো বাড়িতে বন্যার পানি উঠেছে।
উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, গতকাল সোমবার বিকেল থেকেই তিস্তা নদীর পানি প্রায় একই উচ্চতায় প্রবাহিত হচ্ছে। ইউনিয়নের ঝাড়সিংহেরস্বর ও পূর্ব ছাতনাই গ্রামের প্রায় ছয় শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
পাউবো ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি ৫২ দশমিক ৬৪ সেন্টিমিটার, সকাল ৯টায় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার এবং বেলা ৩টায় ৫২ দশমিক ৬২ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছিল। ওই পয়েন্টে বিপৎসীমা হলো ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার।
পাউবো ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, উজানে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুদিন ধরে নদীর পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিস্তা ব্যারাজের সব কটি জলকপাট খুলে রাখা হয়েছে।