নীলফামারীতে দ্বিতীয় ডোজের অপেক্ষায় সাড়ে ২৬ হাজার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা
ফাইল ছবি

নীলফামারীতে মজুত শেষ হওয়ায় সাময়িক বন্ধ করা হয়েছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম। জেলার ছয় উপজেলায় প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ২৬ হাজার ৪৫৪ জন। জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলায় করোনার প্রথম ডোজ টিকা গ্রহণ করেন ৭৬ হাজার ৭২৭ জন। এরপর ৫০ হাজার ২৭৩ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার পর ২৯ মে টিকার মজুত শেষ হয়ে যায়। এতে করে টিকা প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়। নতুন বরাদ্দ এলে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ ২৬ হাজার ৪৫৪ জন মানুষকে টিকা দেওয়া হবে। জেলায় ৭৬ হাজার ৭২৭ জনকে প্রথম ডোজ টিকা দেওয়ার পর ২৫ এপ্রিল থেকে সরকারিভাবে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ শুরু করে ২৯ মে পর্যন্ত ৫০ হাজার ২৭৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হয়। এরপর মজুত শেষ হয়ে যাওয়া ২৯ মে থেকে কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার সাতটি কেন্দ্রে প্রথম ডোজ টিকা নেন নীলফামারী জেনারেল হাসপাতাল কেন্দ্রে ১৮ হাজার ৩৮২ জন, সৈয়দপুর সিএমএইচ কেন্দ্রে ২ হাজার ৯২৬ জন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কেন্দ্রে ৯ হাজার ৯৫ জন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ১৭ হাজার ৪৫০ জন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৮ হাজার ৩৫৫ জন, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ১৩ হাজার ১৪৬ জন ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৭ হাজার ৩৭৩ জন।

গত ৮ এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত জেলার ছয় উপজেলার সাতটি কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন ৫০ হাজার ২৭৩ জন। এর মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতাল কেন্দ্রে ১৫ হাজার ১৩৮ জন, সৈয়দপুর সিএমএইচ কেন্দ্রে ১ হাজার ৫৪৪ জন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কেন্দ্রে ৭ হাজার ৮৪৫ জন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৯ হাজার ৬৭০ জন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৫ হাজার ৮২৫ জন, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৬ হাজার ৪৮৪ জন ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ৩ হাজার ৭৬৭ জন।

দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন নীলফামারী জেনারেল হাসপাতাল কেন্দ্রের ৩ হাজার ২৪৪ জন, সৈয়দপুর সিএমএইচ কেন্দ্রের ১ হাজার ৩৮২ জন, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল কেন্দ্রের ১ হাজার ২৫০ জন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ হাজার ৭৮০ জন, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ হাজার ৫৩০ জন, জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৬ হাজার ৬৬২ জন ও কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ হাজার ৬০৬ জন।

নীলফামারীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, জেলায় টিকার দ্বিতীয় ডোজ এখনো পাননি ২৬ হাজার ৪৫৪ জন। আগামী ২০ দিনের মধ্যে তাঁদের টিকা প্রদানের চেষ্টা চলছে। টিকার প্রাপ্যতা অনুযায়ী প্রথম ডোজের কার্যক্রমও শুরু করা হবে।