নীলফামারীতে ধর্ষণ ও হত্যার দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
নীলফামারীতে ধর্ষণ ও হত্যার পৃথক দুটি মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পৃথক দুটি আদালতে ওই সাজা প্রদান করা হয়।
এর মধ্যে জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২-এ এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান। রায়ে ডিমলা উপজেলার সাতজান ঘাটের পার গ্রামের মকবুল হোসেনকে (৪০) মৃত্যুদণ্ড এবং একই গ্রামের হালিমুর রহমানকে (২৮) যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়। এই মামলার অপর চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পৃথক দুটি আদালতে ওই সাজা প্রদান করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৯ আগস্ট রাতে বাড়ি থেকে নিখোঁজ হয় জেলার ডিমলা উপজেলার সাতজান সাইফুন গ্রামের আবদুল গণির মেয়ে মৌসুমী (১৪)। পরদিন সকালে বাড়ির কাছে বুড়িতিস্তা নদীর কাশবন থেকে তার লাশ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ডিমলা থানায় মামলা করেন মৌসুমীর বাবা আবদুল গণি। মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ২১ আগস্ট মৌসুমীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে মর্মে প্রতিবেশী মকবুল হোসেনসহ (৪০) ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
অপর দিকে পুত্রবধূকে ধর্ষণের মামলায় সৈয়দপুর উপজেলার একটি গ্রামের বাসিন্দা আজগার আলীকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১–এর বিচারক জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৫ সালের ৯ সেপ্টেম্বর বাড়িতে একা পেয়ে পুত্রবধূকে ধর্ষণ করেন তাঁর শ্বশুর আজগার আলী। এ ঘটনায় ওই বছরের ১৩ অক্টোবর সৈয়দপুর থানায় শ্বশুরকে একমাত্র আসামি করে মামলা করেন ওই পুত্রবধূ। পুলিশ মামলাটি তদন্ত শেষে ২০০৫ সালের ২৫ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিশেষ পিপি রমেন্দ্রনাথ রায় ও নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিশেষ পিপি আল মাসুদ আলাল এসব তথ্য নিশ্চিত করেছেন।