নীলফামারীতে নতুন করে ছয়জনের করোনা শনাক্ত

নীলফামারীতে নতুন করে ছয়জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিতের মোট সংখ্যা দাঁড়াল ৩৪৮। তাঁদের মধ্যে ইতিমধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। মারা গেছেন ৬ জন। সিভিল সার্জন রনজিত কুমার বর্মন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার রাতে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে নতুন এই ছয়জনের সংক্রমণের প্রতিবেদন আসে। এই ছয়জনের মধ্যে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের জয়চন্ডি ময়েন মাস্টারপাড়ার ৬০ বছরের ১ জন, সৈয়দপুর উপজেলায় ৩৫ বছরের ১ নারী স্বাস্থ্যকর্মী, নিয়ামতপুর মুন্সিপাড়ার ১৫ বছরের ১ কিশোরী, জলঢাকা উপজেলার পাঠানপাড়া গ্রামের ৪৭ বছরের ১ জন, ডোমার উপজেলার চিকনমাটি মহল্লার ৫০ বছরের ১ জন ও ডিমলা উপজেলায় ১ জন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রমতে, জেলায় মোট করোনায় সংক্রমিত ৩৪৮ জনের মধ্যে সদরে রয়েছেন ১১১ জন, জলঢাকা উপজেলায় ৬৮ জন, ডিমলা উপজেলায় ৫০ জন, সৈয়দপুর উপজেলায় ৫০ জন, ডোমার উপজেলায় ৪০ জন ও কিশোরগঞ্জ উপজেলায় ২৯ জন রয়েছেন। জেলায় পরীক্ষার জন্য এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৩৫৪টি। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ৩ হাজার ৫টির।
করোনায় মৃত ব্যক্তিদের মধ্যে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের এক ব্যক্তি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর এবং সৈয়দপুর উপজেলার এক ব্যক্তি উপসর্গ নিয়ে মারা যাওয়ার পর নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। এ ছাড়া নীলফামারী জেলা সদরের দুই ব্যক্তি নমুনা দেওয়ার পর করোনার উপসর্গ নিয়ে মারা যান। পরে রিপোর্টে তাঁদের করোনা পজিটিভ আসে। জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এক নারীসহ দুজনের করোনা শনাক্ত হওয়ার পর তাঁরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় মারা যান। মৃতদের ১ জনের বয়স ৩৫ বছর এবং বাকি ৫ জনের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে।
গত বছরের ১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১৩ হাজার ১৯৭ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ১৫৩ জন। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য ২৫০ শয্যার নীলফামারী জেনারেল হাসপাতালে ১০৮টিসহ জেলায় মোট আইসোলেশন শয্যা রয়েছে ১৯৮টি।