২০২৩ সালের মধ্যে নীলফামারীতে হাইটেক পার্ক নির্মাণকাজ শেষ হবে। এ কথা জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলের পাশে হাইটেক পার্কের ১৫ একর নির্ধারিত জায়গা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আগামী ৫ বছরে নতুন করে ১০ লাখ তরুণ-তরুণীর আইটি সেক্টরে কর্মসংস্থান নিশ্চিত করা। আমরা চাই শ্রমনির্ভর অর্থনীতির দেশ থেকে বেরিয়ে এসে মেধানির্ভর ডিজিটাল ইকোনমির দেশে পরিণত করতে।’
জুনাইদ আহ্মেদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলফামারীসহ দেশের ৬৪ জেলায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হাইটেক পার্ক স্থাপনে আন্তরিক। গত ১১ বছরে তৃণমূলে ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেব্ল গেছে। শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব থেকে প্রযুক্তিশিক্ষা গ্রহণ করছে আমাদের ছেলেমেয়েরা। যার ফলে আজকে সাড়ে ছয় লাখ আইটি ফ্রিল্যান্সার কয়েক শ মিলিয়ন ডলার আয় করছে। এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক অনলাইন কর্মীর দেশ বাংলাদেশ। ২০২৩ সালের মধ্যে এই হাইটেক পার্কের সঙ্গে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের কাজও শেষ হবে।
এর আগে মন্ত্রী নীলফামারী সার্কিট হাউসের সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান জানান, নীলফামারী-সৈয়দপুর সড়কের পাশে দারোয়ানী টেক্সটাইল মিলের অধীনে ১০৮ একর জমি রয়েছে। এর মধ্যে টেক্সটাইল মিলটি রয়েছে ৪০ একর জমির ওপর। বাকি জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় তা বিটিএমসির কাছ থেকে অধিগ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১৫ একরে হবে হাইটেক পার্ক। হাইটেক পার্কের পাশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের জন্য ব্যক্তিমালিকানাধীন মোট ১২টি দাগের ২ একর জমি অধিগ্রহণ করা হবে। এ জন্য সম্ভাব্য মূল্য বাবদ ২ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকা প্রাক্কলনের অনুমোদনের জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (অর্থ ও প্রশাসন) বরাবর প্রেরণ করা হয়েছে।