নীলফামারীতে ৫০ হাজার গ্রাহক ৯ ঘণ্টা বিদ্যুৎবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলায় পিডিবির (বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) আওতাভুক্ত প্রায় ৫০ হাজার গ্রাহক গত শুক্রবার রাত থেকে একটানা নয় ঘণ্টা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। গতকাল শনিবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এতে দুর্ভোগে পড়েন গ্রাহকেরা।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় বিদ্যুৎ চলে যায়। একটানা বন্ধ থাকার পর গতকাল দুপুর সাড়ে ১২টায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়। তবে কিছুক্ষণ পরপরই চলে যাচ্ছে। পরিস্থিত এখনো স্বাভাবিক হয়নি। এদিকে, পিডিবির কর্মকর্তারা বলেন, সৈয়দপুর-নীলফামারী ৩৩ কেভি সরবরাহ লাইনের ত্রুটির কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও সদরে পিডিবির প্রায় ৫০ হাজার গ্রাহক রয়েছেন।
শহরের বড় মসজিদ সড়কের ব্যবসায়ী লিটন ইসলাম (৩৫) গতকাল সকালে বলেন, ‘মধ্যরাতে বিদ্যুৎ যাওয়ার পর আর কোনো খবর নাই। বিদ্যুৎ না থাকায় পাম্প চলছে না, রান্নাবান্নাও হচ্ছে না। একটু মেঘ ডাকলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। কিন্তু গত রাতে ঝড়-তুফান কিছুই ছিল না। একটু বৃষ্টি হয়েছে, তাতে বিদ্যুৎ বন্ধ হবে কেন?’
শহরের বাড়াইপাড়া মহল্লার গ্রাহক একরামুল হক (৪০) বলেন, ‘বিদ্যুৎ ছাড়া এখন কোনো কাজই হয় না। মধ্যরাত থেকে বিদ্যুৎ বন্ধ আছে। কখন বিদ্যুৎ আসবে, তা-ও কেউ বলছে না।’
পিডিবির নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ সরকার বেলা সাড়ে তিনটায় বলেন, নীলফামারী-সৈয়দপুর সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় সমস্যা তৈরি হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এখন সব ফিডার চালু করা
হয়েছে। শহরের ফিডারে ত্রুটি থাকায় সেটি চালু করা যায়নি।ত্রুটি মেরামত করে সেটিও চালুর চেষ্টা চলছে।