নীলফামারীর ডোমার পৌরসভায় শান্তিপূর্ণ নির্বাচন চলছে
নীলফামারীর ডোমার পৌরসভায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন চলছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে প্রথমবারের মতো এখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় তুলনামূলকভাবে ভোটদান প্রক্রিয়ায় সময় কিছুটা বেশি লাগছে বলে জানিয়েছেন ভোটাররা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, নারী ও পুরুষ ভোটাররা নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রের বাইরে উৎসুক জনতার ভিড় দেখা গেছে। তবে ভোটকেন্দ্র ও এর আশপাশের এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
ভোট দিতে আসা ফজিলাতুন নেছা (৩৮) বলেন, ‘সকালে এসেই লাইনে দাঁড়িয়ে ভোট দিলাম। মেশিনে প্রথম ভোট দেওয়ার কারণে কিছুটা দেরি হচ্ছে। এ কারণে লাইন আগাতে চায় না।’
এদিকে ডোমার সরকারি কলেজ কেন্দ্রে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিকনমাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়—এ দুই কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ডোমার পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত গণেশ কুমার আগরওয়ালা (নৌকা), বর্তমান মেয়র ও সাবেক বিএনপি নেতা মনছুরুল ইসলাম (নারকেলগাছ) ও আফরোজা নাজনিন রুমি (মুঠোফোন)। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত ৩টি নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী আছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৪০। ৯টি কেন্দ্রের ৫১টি বুথে ভোট গ্রহণ চলছে।
এদিকে ভোটকেন্দ্রগুলোর আইনশৃঙ্খলা রক্ষায় ১২ জন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্বে রয়েছেন। তাঁদের নেতৃতে পাঁচটি ভ্রাম্যমাণ আদালত ও তিনটি স্ট্রাইকিং রিজার্ভ টিম মাঠে আছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট থানা, উপজেলা ও জেলা পর্যায়ে চারটি টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশের ১ জন পরিদর্শকের নেতৃত্বে ১০ জন পুলিশ সদস্য ও ৯ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। সকাল আটটায় ইভিএমে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।
ডোমার উপজেলা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। মানুষ আগ্রহ নিয়ে ভোট দিতে আসছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানা তিনি।