নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে নানা আয়োজন
গাজীপুরের পিরুজালী এলাকায় নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হচ্ছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মদিন। মোমবাতি প্রজ্বালন, কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করছেন তাঁর পরিবার, স্বজন, নুহাশপল্লীর কর্মী ও ভক্তরা।
হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার রাতে লেখকের সমাধিতে মোমবাতি প্রজ্বালন করা হয়। আজ শনিবার সকালে লেখকের পরিবার, নুহাশপল্লীর কর্মী, ভক্ত, পাঠক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাঁর আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। পরে লেখকের ম্যুরালের সামনে কেক কাটা হয়।
হুমায়ূনভক্ত মুহাম্মদ লিংকন বলেন, ‘ভালোবাসা ও শ্রদ্ধায় আজীবন লেখককে স্মরণ করে যাব।’ জন্মদিন উপলক্ষে জয়দেবপুর রেলজংশন থেকে সকালে যাত্রা শুরু করেন নুহাশপল্লীর উদ্দেশে। পথে মানুষের মধ্যে ক্যানসার–সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন। এ ছাড়া রাজবাড়ি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটা হয়েছে।
নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, দোয়া মাহফিলসহ বরাবরের মতো নানা আনুষ্ঠানিকতায় লেখককে স্মরণ করা হয়।
লেখকের স্বপ্ন ধীরে ধীরে পূরণ হচ্ছে জানিয়ে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, নতুন প্রজন্ম মহামারিকালে হুমায়ূন আহমেদের লেখা পাঠ করছে। তাঁর লেখার ভেতরকার রস, বোধ ও মানবিকতার সঙ্গে পরিচিত হচ্ছে, এটা বিস্ময়কর।
বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারে তিনি মৃত্যুবরণ করেন।