নুহাশপল্লীতে হ‌ুমায়ূনকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুহাশপল্লীতে লেখকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হিমু পরিবহনের সদস্যরা। আজ সোমবার সকালে গাজীপুরের পিরুজালী গ্রামে।
ছবি: প্রথম আলো

করোনাকালের পরিস্থিতিতে না পড়তে হলে হয়তো অনেক লেখক, ভক্তরা আসতেন। কবরে ফুল দিয়ে অথবা নীরবে দাঁড়িয়ে স্মরণ করতেন প্রিয় লেখক হ‌ুমায়ূন আহমেদকে। ৯ম মৃত্যুবার্ষিকীতে তেমন দৃশ্যের অবতারণা হয়নি।

লেখকের প্রিয় চরিত্র হিমুর বেশে নুহাশপল্লীর লিচুতলায় এসেছিলেন কয়েক তরুণ-তরুণী। স্বল্প পরিসরের আয়োজনে কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে লেখককে স্মরণ করেন তাঁরা।

সকালে হিমুর বেশে আসা তরুণ-তরুণীদের পাশাপাশি শ্রদ্ধা জানাতে আসেন আরও অনেকে। ঈদে ঘরমুখী মানুষ ও গণপরিবহনের চাপ থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটে দীর্ঘক্ষণ আটকে থাকার পর বাসায় ফিরে যান হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন ও তাঁর সন্তানেরা।

মেহের আফরোজ শাওন সাংবাদিকদের জানান, লেখকের সমাধিতে শ্রদ্ধা জানাতে ভোর সাড়ে পাঁচটায় ধানমন্ডির বাসা থেকে রওনা হয়ে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা বিমানবন্দর এলাকায় পৌঁছান। প্রায় পাঁচ ঘণ্টা অপেক্ষার পর মহাসড়কে তীব্র যানজটের কারণে বাসায় ফিরে যান।

লেখকের সমাধির পাশে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন স্থানীয়রাও। আজ সোমবার সকালে গাজীপুরের পিরুজালী গ্রামে নুহাশপল্লীতে।
ছবি: প্রথম আলো

গাজীপুরের পিরুজালী গ্রামে অবস্থিত নুহাশপল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, সকালে নুহাশপল্লীর লোকজন, স্থানীয় মাদ্রাসার ইমাম, হিমু পরিবহনের সদস্যদের নিয়ে হ‌ুমায়ূন আহমেদের কবর জিয়ারত করা হয়। এ সময় কোরআন খতম ও লেখকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। করোনার সংক্রমণের কারণে হ‌ুমায়ূন আহমেদের সমাধিতে শ্রদ্ধা জানাতে সমাগম সীমিত করা হয়েছে।

হ‌ুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম ফয়েজুর রহমান, মা আয়েশা ফয়েজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা অবস্থায় তাঁর লেখালেখির শুরু।

১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ১৯৭৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় উপন্যাস ‘শঙ্খনীল কারাগার’। বই দুটি প্রকাশের পর শক্তিশালী লেখক হিসেবে পাঠকমহলে সমাদৃত হন তিনি। জনপ্রিয় এই লেখক ক্যানসারে ভুগে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।