নেচে-গেয়ে-উল্লাসে মাতোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার রাত ১১টা। তখনো কলেজ চত্বরের অনুষ্ঠানস্থলে কয়েক হাজার মানুষ। তিল ধারণের ঠাঁই নেই সেখানে। শত শত লোক দাঁড়িয়ে বা উঁকি মেরে দেখছেন। তরুণ-তরুণীদের উদ্দাম নাচে মাতোয়ারা সেখানে। সত্তরোর্ধ্ব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রায় দেবদাসের মতো বৃদ্ধদের নৃত্যও উপভোগ করছিলেন দর্শকেরা। তাঁরা সবাই দর্শকসারিতে দাঁড়িয়ে নেচেছেন মঞ্চের সংগীতশিল্পী ঐশীর গানের তালে। মৌসুমি মৌ ও ইউসুফ ইফতির উপস্থাপনা আরও প্রাণবন্ত করে তোলে মুগ্ধ দর্শক-শ্রোতাদের।

ঐশী শেষ করলেন। কিন্তু দর্শকেরা মানতে পারছেন না। ওয়ান মোর, ওয়ান মোর ধ্বনিতে প্রকম্পিত পুরো এলাকা। আবার শিল্পী এলেন এবং গাইলেন। শুধু ঐশীর গানেই নয়। এর আগে এমন দৃশ্যপট ছিল নতুন প্রজন্মের শিল্পী বিউটি, আল মামুন ও পারভেজের সময়েও। শনিবার সন্ধ্যার পর এ প্রতিবেদন লেখার সময় প্রস্তুতি চলছিল লালনকন্যা ফরিদা পারভীন, নোলক ও স্বরনের সংগীত পরিবেশনের।

নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে দুই দিনের অনুষ্ঠানমালা গতকাল শনিবার শেষ হয়েছে। শনিবার দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়ার সন্তান মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী।

প্রধান অতিথি বলেন, ‘নাড়ির টানে ঢাকা থেকে এসেছি। নবীন-প্রবীণ শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হতে পেরে আমি আবেগাপ্লুত, গর্বিত।’

দেশের বিভিন্ন জেলা, এমনকি বিদেশ থেকেও বহু প্রাক্তন শিক্ষার্থী এসেছেন উৎসবে। সবাই স্মৃতিচারণা, পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে পরিচয়, আনন্দ, আড্ডা আর ছবি তোলায় ব্যস্ত। মোবাইল নম্বর আদান-প্রদান ও ফেসবুকে যুক্ত হয়ে বন্ধুদের যেন আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখার নিরন্তর চেষ্টা।

চিকিৎসক অজয় কুমার রায়-মঞ্জুশ্রী সাহা দম্পতি এসেছেন রংপুর থেকে। অজয় রায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। কলেজের ১৯৭৯ ব্যাচের শিক্ষার্থী। তিনি বলেন, বন্ধুদের অনেকেরই চেহারা প্রথমে চিনে উঠতে পারিনি। পাল্টে গেছে কণ্ঠস্বর ও আচরণ। পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে পরিচয় হলো। এ বয়সে এটি বড় পাওয়া ও আনন্দের।

১৯৮২ ব্যাচের শিক্ষার্থী জীবন বিমা করপোরেশনের কর্মকর্তা খায়রুজ্জামান, ঢাকা বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা আবদুর রব মিয়া, ঢাকার কম্পিউটার ব্যবসায়ী আবদুল গফ্ফার ও যশোর এম এম কলেজের ভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুল ইসলামও উৎসবে যোগ দেন।

কলেজের অধ্যক্ষ এস এম এনামুল কবীর বলেন, ১৯৬৮ সালে দুই একর জমির ওপর ১৩৭ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয় কলেজটি। এখন প্রায় ১৪ একর জমি। আছে অনেক ভবন। শিক্ষার্থী প্রায় সাড়ে তিন হাজার।