নেছারাবাদে ফুফার লাঠির আঘাতে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে লাঠির আঘাতে নাঈমুল ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামের আবদুল আলিমের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে বিন্না গ্রামে আবদুল আলিমের ঘর থেকে তাঁর ভাগনি মুন্নির (নাঈমুলের ফুফাতো বোন) একটি মুঠোফোন হারিয়ে যায়। ওই সময় ঘরে মুন্নির খালাতো ভাই মো. সাগর (নাঈমুলের আরেক ফুফুর ছেলে) উপস্থিত ছিলেন। বিকেলে নাঈমুল ফুফাতো ভাই সাগরের বাড়িতে গিয়ে হারিয়ে যাওয়া মুঠোফোনের বিষয়ে জানতে চান। নাঈমুল মুঠোফোন চুরির জন্য সাগরকে সন্দেহ করা নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরপর তাঁরা দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সাগরের বাবা কাঞ্চন মিয়া (নাঈমুলের ফুফা) একটি কাঠ দিয়ে নাইমের মাথায় আঘাত করেন। এতে নাঈম অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্বজনেরা নাঈমকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাঈমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে ভোর পাঁচটার দিকে নাঈম মারা যান।

নাঈমুল ফুফাতো ভাই সাগরের বাড়িতে গিয়ে হারিয়ে যাওয়া মুঠোফোনের বিষয়ে জানতে চান।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নাঈমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর মাথার পেছন থেকে বাঁ কানের দিকে আঘাত ছিল। কান দিয়ে রক্ত বের হচ্ছিল। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া যায়নি। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নাঈমের লাশ বাড়িতে পৌঁছানোর পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এখনো লাশ বাড়ি পৌঁছায়নি।