নেতা-কর্মীদের নির্বাচন থেকে সরাতে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে
ছবি: এম সাদেক

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সারের পক্ষে মহানগর ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন।

এ অবস্থায় নেতা-কর্মীদের নির্বাচন থেকে সরাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে সাফ জানিয়ে দেওয়া হয়, যাঁরা মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করবেন, দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এই নির্বাচনে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন অংশগ্রহণ করায় তাঁকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাঁর সঙ্গে অথবা অন্য কোনো প্রার্থীর সঙ্গে যোগাযোগ না রাখার জন্য বলা হয়। নির্বাচন উপলক্ষে প্রচার ও নির্বাচনী কার্যক্রমে জড়িত না থাকার জন্য স্বেচ্ছাসেবক দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশ দেওয়া হলো।

আবদুল কাদির ভূঁইয়া আরও বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৪ সালে বিনা ভোটে ও ২০১৮ সালে নিশিরাতের ভোটের মাধ্যমে নির্বাচন করে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আন্তর্জাতিকভাবে দুটি নির্বাচন তীব্রভাবে প্রশ্নবিদ্ধ। বর্তমান সরকারের অধীন ইউনিয়ন পরিষদ নির্বাচন; উপজেলা ও সিটি নির্বাচনে কেন্দ্র দখল; ব্যালট পেপার ছিনতাই; বিরোধী মতের প্রার্থীদের ওপর ও তাঁদের বাড়িঘরে হামলা এবং মিথ্যা মামলায় নির্বিচার গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান অবৈধ সরকারের অধীন কোনো নির্বাচনে অংশ নেবে না। ফলে দলীয় নির্দেশ অমান্য করে যাঁরা এই অবৈধ সরকার ও নির্বাচন কমিশনের অধীন নির্বাচন করবেন, দল তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির পারভেজ, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

১৫ জুন কুমিল্লা সিটির নির্বাচন হবে। এতে মেয়র পদে কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার হওয়া মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজীবনের জন্য বহিষ্কার হওয়া মো. মনিরুল হক নির্বাচন করছেন।