নেতাদের কোন্দলে বিপর্যস্ত দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতাদের অভ্যন্তরীণ কোন্দলে বিপর্যস্ত অবস্থায় আছে পিরোজপুর জেলা বিএনপি। জেলা নেতাদের এ কোন্দল ছড়িয়ে পড়েছে দলের উপজেলা কমিটিগুলোতেও।
দলের বিবদমান বিভিন্ন পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পিরোজপুর জেলা বিএনপি তিন ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্বে আছেন জেলা সভাপতি গাজী নূরুজ্জামান ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন; আরেক পক্ষের নেতৃত্বে জ্যেষ্ঠ সহসভাপতি ও নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও সহসভাপতি সাব্বির আহমেদ। আর সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে আরেকটি উপদল গড়ে তুলেছেন।
দলের এই তিনটি পক্ষের অভ্যন্তরীণ বিরোধের কারণে এখানকার বিএনপির নেতা-কর্মীরা অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বলে একাধিক গুরুত্বপূর্ণ নেতা প্রথম আলোকে জানিয়েছেন।
এর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি সাব্বির আহমেদ অবশ্য অভিযোগ করেন, এ নিষ্ক্রিয়তার জন্য দায়ী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক। কারণ, তাঁরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আপস করে চলছেন। এ কারণে সরকারবিরোধী দলীয় কর্মসূচিতে অন্যান্য নেতা-কর্মী কোনো ভূমিকা রাখতে পারেননি। এখনো পারছেন না। তিনি দাবি করেন, সভাপতি-সম্পাদক মাঝেমধ্যে ছাত্রদলের কিছু নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দায়সারাভাবে দলীয় কর্মসূচি পালন করেন, যা ছবি তোলা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। পরে ওই সব ছবি ফেসবুকে প্রচার করেন।
অবশ্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, দলের চার হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা রয়েছে। এ কারণে নেতা-কর্মীদের পালিয়ে বেড়াতে হচ্ছে। তাই তাঁদের সাংগঠনিক কার্যক্রম চালানোর চেয়ে নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে ব্যস্ত থাকতে হচ্ছে। তারপরও তাঁরা দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন বলে এ নেতা বলেন।
দলীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ১৯৯৫ সালে জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে গাজী নূরুজ্জামান সভাপতি ও ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। গঠনতন্ত্রে তিন বছর পরপর সম্মেলন করে কমিটি গঠন করা কথা থাকলেও তা আর মানা হয়নি। সম্মেলন ছাড়াই ২০০১ সালে সাবেক হুইপ শহিদুল হক জামাল সভাপতি ও শহিদুল আলমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে একটি কমিটি করে দেওয়া হয়। এরপর ২০০৩ সালে একইভাবে শহিদুল হক জামালকে সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে আবার কমিটি গঠন করে দেওয়া হয়।
২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে শহিদুল হক জামাল বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর ২০০৯ সালে গাজী নূরুজ্জামানকে আহ্বায়ক করে কমিটি করা হয়। আহ্বায়ক কমিটি গঠনের পরপর দুটি ধারায় বিভক্ত হয়ে পড়েন নেতা-কর্মীরা। ওই সময় এক পক্ষের নেতৃত্ব দেন জেলা আহ্বায়ক গাজী নূরুজ্জামান। আরেক পক্ষের নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। এরপর ২০১২ সালে গাজী নূরুজ্জামান সভাপতি ও আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি গঠন করা হয়।
জেলা কমিটির গুরুত্বপূর্ণ একাধিক নেতা বলেন, ২০১৪ সালে গাজী নূরুজ্জামান ও আলমগীর হোসেনের বিরোধ মিটে যায়। ওই বছরের ৩০ মে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপির নতুন দুটি পক্ষের উদ্ভব হয়। তখন বিএনপির সভাপতি-সম্পাদকের আয়োজিত কর্মসূচির বাইরে দুই সহসভাপতি নজরুল ইসলাম খান ও সাব্বির আহমেদের নেতৃত্বে এক পক্ষ এবং সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলামের নেতৃত্বে আরেকটি পক্ষ পৃথকভাবে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালন করে।
জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান দাবি করেন, ‘জেলা বিএনপিতে কোন্দল নেই। কোনো কর্মসূচি পালন করলে সরকারি দলের মদদে দলের কতিপয় নেতা পৃথকভাবে একটি তা পালন করেন। দলে কোন্দল দেখাতে তাঁরা এসব করছেন।’
গত রোববার সন্ধ্যার দিকে পিরোজপুর জেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে দলের ১০ থেকে ১২ নেতা-কর্মী বসে আড্ডা দিচ্ছেন। তাঁরা জানান, দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এলাকায় থাকলে দলীয় কার্যালয়ে আসেন। এ ছাড়া কর্মসূচি থাকলে ৪০-৫০ জন নেতা-কর্মী তাতে অংশ নেন। গ্রেপ্তারের ভয়ে অনেকে দলীয় কার্যালয় ও কর্মসূচিতে আসেন না।
জেলা বিএনপির সভাপতির দাবি, মামলার কারণে নেতা-কর্মীরা বিপর্যস্ত। এ কারণে দলীয় কর্মসূচিতে লোকসমাগম কম হয়।
দলের মাঠপর্যায়ের ১৭ জন নেতা-কর্মীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, অনেক নেতাই দলীয় কর্মসূচিতে মাঠে নামেন না। কারাবন্দী নেতা-কর্মীদের খোঁজখবরও নেন না। মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপি, যুবদল ও কৃষক দলের চারজন কেন্দ্রীয় নেতার বাড়ি মঠবাড়িয়ায়। সরকারবিরোধী আন্দোলনে তাঁদেরকে আমরা মাঠে পাইনি।’
নাম প্রকাশ না করার শর্তে দলের প্রবীণ এক নেতা বলেন, পিরোজপুরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আর দুর্বল নেতৃত্বের কারণে দলের সাংগঠনিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। জেলা সদরের সংসদীয় আসনে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া বিএনপির প্রার্থী কখনোই জয়লাভ করতে পারেননি। ১৯৯৬ সালের ১২ জুন ও ২০০১ সালের ১ অক্টোবর সংসদ নির্বাচন এ আসনে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসাইন সাঈদী বিজয়ী হন। জামায়াতে ইসলামীর প্রার্থী সাংসদ নির্বাচিত হলে জেলার রাজনীতিতে জামায়াত শক্তিশালী হয়। আর যোগ্য নেতৃত্বের অভাবে বিএনপির সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে পড়ে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, পিরোজপুর সদরে বিএনপির নেতৃত্বের মধ্যে জামায়াতের লোকজন অনুপ্রবেশ করেছে। সদর উপজেলা বিএনপির সভাপতি জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মীয়। জেলা কমিটির একজন সহসভাপতির সঙ্গে সাঈদীর ঘনিষ্ঠতা ছিল। আবার জেলা কমিটির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। এসব কারণে এখানে বিএনপি দুর্বল হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।