নেতৃত্ব নেই, কার্যক্রমও নেই

সভাপতি করেন যুবলীগ, সম্পাদক আছেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে। বাকিদের কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। বহিষ্কার হয়েছেন আধা ডজন নেতা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা জেলার মানচিত্র

খুলনা মহানগর ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৫ সালের ৮ জুন। এরপর কেটে গেছে প্রায় সাড়ে ছয় বছর। ইতিমধ্যে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ঢুকে পড়েছেন আওয়ামী লীগের অন্য দুই অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ পদে। বাকি নেতাদের অধিকাংশেরই ছাত্রত্ব নেই, কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। বিবাহিত জীবনে প্রবেশ করেছেন এমন নেতার সংখ্যাও কম নয়। মাদকসহ বিভিন্ন কেলেঙ্কারিতে বহিষ্কার হয়েছেন আধা ডজন নেতা।

এমন পরিস্থিতিতে মহানগর ছাত্রলীগ অনেকটাই ছন্নছাড়া হয়ে পড়েছে। অভিভাবক–সংকটে সংগঠনটির কোনো কর্মকাণ্ড নেই বললেই চলে।

নগর ছাত্রলীগের নেতা–কর্মীদের ভাষ্য, গঠনতন্ত্র অনুযায়ী যখন ছাত্রলীগের কোনো নেতা অন্য সংগঠনের গুরুত্বপূর্ণ পদে চলে যান বা সরকারি চাকরি করেন বা বিবাহবন্ধনে আবদ্ধ হন, তখন তাঁর পদটি থাকে না। ওই হিসেবে মহানগর ছাত্রলীগের অধিকাংশ নেতাই আর পদে নেই। শীর্ষ পদের নেতারা নিস্ক্রিয় থাকলে পুরো সংগঠন ঝিমিয়ে পড়ে। এ জন্য সম্মেলনের মাধ্যমে দ্রুত নতুন কমিটি ঘোষণা করা প্রয়োজন।

খুলনা মহানগরের মধ্যে ৫টি থানা, ১৩টি কলেজ ও ৩১টি ওয়ার্ড ইউনিট ছাত্রলীগের অধীনে রয়েছে। মাত্র ২টি থানা কমিটি, ৫টি কলেজ কমিটি ও ১২টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন বর্তমানে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর তাঁকে পদটি দেওয়া হয়। এর পর থেকে তিনি যুবলীগের রাজনীতিতেই বেশি সক্রিয়। ছাত্রলীগের কর্মসূচিতে তাঁকে তেমন একটা দেখা যায় না।

এ ছাড়া গত ৬ নভেম্বর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক মনোনীত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এস এম আসাদুজ্জামান। সম্মেলনের আগে থেকেই স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে তৎপর ছিলেন তিনি। তারপরও বর্তমান মহানগর ছাত্রলীগ তাঁর নেতৃত্বেই চলছে।

খোঁজ নিয়ে দেখা গেছে, পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতি করা হয় ৫৭ জনকে। তাঁদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি সোহেল বিশ্বাস, দ্বিতীয় সহসভাপতি তাজমুল হক, তৃতীয় সভাপতি আসাদুজ্জামান—তিনজনই বিবাহিত ও ব্যবসায়ী। ঘের দখলকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যা মামলায় অভিযুক্ত করে পঞ্চম সহসভাপতি রনবীর বাড়ৈ সজলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অন্য সহসভাপতিদের মধ্যে আরও ১২ জন বিবাহিত ও ব্যবসায়ী, ৬ জন চাকরি করছেন কৃষি বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে। মাদকসহ গ্রেপ্তার হওয়ায় বহিষ্কার হয়েছেন সহসভাপতি হীরক কুমার গাইন ও সমীর কুমার শীল। অন্যদের বেশির ভাগই রাজনীতিতে সক্রিয় নেই।

সভাপতি শাহাজালাল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ছিলেন বিবাহিত। প্রথম যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ও দ্বিতীয় যুগ্ম সম্পাদক আলিমুল জিয়া বিবাহিত এবং ব্যবসায়ী। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে দুজন বিবাহিত ও ব্যবসায়ী। যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সমাজসেবা সম্পাদক রাজু হোসেন, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক শেখ সবুজ মাদকসহ গ্রেপ্তারের পর বহিষ্কার হয়েছেন।

সম্পাদমণ্ডলীর সদস্যদের মধ্যে দপ্তর সম্পাদক শাহীন আলম, উপদপ্তর সম্পাদক চয়ন বালাসহ ১৩ নেতা চাকরি করছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে। পূর্ণাঙ্গ কমিটির সহসম্পাদক ও সদস্যদের অনেকেরই কোনো হদিস নেই।

জানতে চাইলে মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন বলেন, করোনার কারণে দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্মেলন করা যায়নি।হয়তো কিছুদিনের মধ্যেই মহানগর ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি এম ডি এ বাবুল রানা বলেন, যেহেতু মহানগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারা অন্য দলের নেতৃত্বে চলে গেছেন, তাই সম্মেলন করে নতুন কমিটি করার জন্য তাগিদ দেওয়া হচ্ছে। আশা করা যায়, আগামী জানুয়ারির মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।