নেত্রকোনায় লরি–মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কলেজশিক্ষক
নেত্রকোনার মদনে সড়ক দুর্ঘটনায় মো. সাদেকুল ইসলাম (৪০) নামের একজন কলেজশিক্ষক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সাদেকুল ইসলাম মোহনগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান সমিতির মোহনগঞ্জ শাখার সভাপতি ছিলেন। তাঁর গ্রামের বাড়ি খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর এলাকায়। তিনি ওই গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। নেত্রকোনা শহরের সাতপাই কলেজমাঠের পাশে নিজ বাসায় থাকতেন তিনি। স্ত্রী জেসমিন আক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তাঁদের দুটি ছেলেসন্তান রয়েছে।
এলাকার কয়েক বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে সাদেকুল ইসলাম নিজ মোটরসাইকেলে চড়ে জগন্নাথপুর গ্রামের বাড়ি থেকে নেত্রকোনা শহরের বাসায় যাচ্ছিলেন। মদন পৌর শহরের মগড়া সেতুতে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাঁর মোটরসাইলটির সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কলেজশিক্ষক সাদেকুল ইসলামের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাঁর স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সাদেকুল ইসলামের মৃত্যুতে মোহনগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী একই কলেজের দর্শন বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সাদেকুল ইসলাম অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক ছিলেন। প্রগতিশীল চিন্তাচেতনার অধিকারী ও একজন ভালো সংগঠক ছিলেন। তিনি মোহনগঞ্জ উপজেলা রাষ্ট্র্রবিজ্ঞান সমিতির সভাপতি ছিলেন। হাওরের কৃষকদের অধিকার আদায়ে একজন সক্রিয় সংগঠক হিসেবে কাজ করতেন। সম্প্রতি পাহাড়ি ঢলে খালিয়াজুরী উপজেলার হাওরে পানি আসায় কয়েক দিন ধরে তিনি সেখানে গিয়ে কৃষকদের পাশে থেকে ফসলের বাঁধ রক্ষায় কাজ করছিলেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।’