নেত্রকোনার সব উপজেলায় বন্যার পানি কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার সব কটি উপজেলায় বন্যার পানি কমছে। তবে ১০টি উপজেলার ৮৬টি ইউনিয়নের মধ্যে এখনো ৬৩টি ইউনিয়নের অন্তত ১৪ লাখ মানুষ পানিবন্দী। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কলমাকান্দার উব্দাখালি নদ ও খালিয়াজুরি উপজেলার ধনু নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহনলাল সৈকত বলেন, জেলার ছোট-বড় নদ-নদীর পানি কমতে শুরু করছে।

তবে উব্দাখালি নদের পানি কলমাকান্দা পয়েন্টে বিপৎসীমার ৮০ সেন্টিমিটার ও ধনু নদের পানি খালিয়াজুরি পয়েন্টে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত শনিবার সন্ধ্যা থেকে জেলায় ভারী কোনো বৃষ্টি হয়নি। আশা করা যাচ্ছে, ভারী বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩২৯টি আশ্রয়কেন্দ্রে অন্তত ১ লাখ ৬ হাজার ৬৮৮ জন ছিল। পানি কমতে শুরু করায় অনেকেই বাড়িঘরে ফিরে যাচ্ছে। আজ সকাল ৯টা পর্যন্ত আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৯৮ হাজার মানুষ ছিল।

তবে আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাবার ও সুপেয় পানি না থাকায় ত্রাণের জন্য হাহাকার চলছে। পানিবন্দী এলাকায়ও দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট।