নেত্রকোনায় আবারও হাতকড়া নিয়ে আসামি পালাল, পরে গ্রেপ্তার
নেত্রকোনার আটপাড়ায় হাতকড়াসহ পুলিশের কাছ থেকে নারী নির্যাতন মামলার এক আসামি হাতকড়াসহ পালিয়ে গেছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে তিনি আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কৌশলে দৌড়ে পালিয়ে যান।
পালিয়ে যাওয়া আসামির নাম হাবিবুর রহমান (৪৭)। তিনি উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রামেস্বরপুর গ্রামের কাচম আলীর ছেলে। এ নিয়ে গত চার বছরে নেত্রকোনায় পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে বা হাতকড়াসহ অন্তত নয়জন আসামি পালানোর ঘটনা ঘটেছে। অবশ্য ওই আসামিরা পরে বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান তাঁর প্রথম স্ত্রী নাজমা আক্তারের করা একটি মামলার তিন মাসের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে আটপাড়া থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় তিনি পাতলা পায়খানা ও অসুস্থতার কথা বলেন। পরে পুলিশ তাঁকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বুধবার সকাল ছয়টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পরে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ তাঁর গ্রামের একটি জঙ্গল থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করে।
এ নিয়ে গত চার বছরে নেত্রকোনায় পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে বা হাতকড়াসহ অন্তত নয়জন আসামি পালানোর ঘটনা ঘটেছে।
এ বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বিকেল পাঁচটার দিকে বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি হাবিবুরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় আনা হচ্ছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি প্রথম আলোকে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ কে এম মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে মো. আল আমিন ও আবুল বাশার নামের যে দুজন পুলিশ পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।