নেত্রকোনায় ইজিবাইক উল্টে প্রাণ গেল তরুণীর
নেত্রকোনার পূর্বধলায় ইজিবাইক উল্টে এক তরুণী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা–ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণীর নাম রাবেয়া আক্তার (২৩)। তিনি সদর উপজেলার কোনাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, আজ দুপুরে রাবেয়াসহ কয়েকজন যাত্রী ইজিবাইকে চড়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনা সদরে যাচ্ছিলেন। পথে পূর্বধলা উপজেলার নারান্দিয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে রাবেয়া গুরুতর আহত হন। এ সময় স্থানীয় বাসিন্দারা রাবেয়াসহ অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাবেয়াকে মৃত ঘোষণা করেন।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিউর রহমান বলেন, দুর্ঘটনার পর ওই ইজিবাইকের চালক পালিয়ে গেছেন। তবে দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।