নেত্রকোনায় এক দিনে সর্বোচ্চ ৫০ জনের করোনা শনাক্ত
নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এক দিনে এটিই সর্বোচ্চ সংক্রমণের ঘটনা। ১৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে এ সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৩০ শতাংশ।
তিন দিন ধরে করোনার সংক্রমণ বাড়ছে। গত শনিবার ৪৮ জন, গত রোববার ৪৭ জন ও পরদিন সোমবার ৩৪ জন করোনা শনাক্ত হন। গত ৭ দিনে ২২১ জন করোনা শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। সিভিল সার্জন সেলিম মিয়া আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে সদর উপজেলার ২১, কলমাকান্দায় ৮ জন, দুর্গাপুরে ৫ জন, মোহনগঞ্জ, আটপাড়া, মদন ও বারহাট্টায় ৩ জন করে, পূর্বধলা ও কেন্দুয়ায় ২ জন করে রয়েছেন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ হাজার ৫৫৯। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১৫২ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৫৪টি। এর মধ্যে প্রতিবেদন পাওয়া গেছে ১৮ হাজার ৪৬৩টি।
এদিকে আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চারজন রোগী ভর্তি রয়েছেন। জটিল রোগী হলে ময়মনসিংহ ও ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ, জেলায় করোনা আক্রান্তদের এখনো চিকিৎসার সুব্যবস্থা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম না থাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা, ভেন্টিলেটর, আইসিইউ বেডসহ প্রয়োজনীয় চিকিৎসক ও চিকিৎসা সরঞ্জাম নেই।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এস এম মাহবুবুর রহমান বলেন, তিন মাস ধরে সেন্ট্রাল অক্সিজেন ব্যবস্থা চালুর কাজ চলছে। সচল করতে আরও কিছুদিন লাগবে। অন্যদিকে ভেন্টিলেরগুলো চালু করতেও কমপক্ষে পাঁচজন অবেদনবিদ ও অন্তত দুজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন। প্রয়োজনীয় চিকিৎসক ও সব ধরনের সরঞ্জাম চেয়ে বিভাগীয় পরিচালকের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে।