নেত্রকোনায় এক ব্যক্তিকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি

নেত্রকোনায় এক ব্যক্তিকে এক মিনিটের মধ্যে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ঘটনা ঘটেছে। টিকা নেওয়ার পর থেকে ওই যুবক আতঙ্কে রয়েছেন। তবে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

একসঙ্গে দুই ডোজ টিকা নেওয়া ওই ব্যক্তি হলেন মো. জজ মিয়া (৩৯)। তিনি মোহনগঞ্জ পৌর শহরের আল মবিন রোড এলাকার বাসিন্দা এবং পেশায় মুদিদোকানি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, জজ মিয়া গত ১৭ জুলাই সিনোফার্মের প্রথম ডোজ টিকা গ্রহণ করেন। আজ সকালে সিনোর্ফামের দ্বিতীয় ডোজ টিকা নিতে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নিচতলায় যান। সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের স্যাকমো মো. আলমগীর হোসেন তাঁর ডান হাতে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ করেন। এরপর জজ মিয়া চেয়ারে বসা ছিলেন। এক মিনিটের মধ্যেই স্যাকমো আলমগীর হোসেন জজ মিয়ার ডান হাতের একই স্থানে আরও একবার টিকা প্রয়োগ করেন।

জজ মিয়া তখন জানান, এক মিনিট আগেই তাঁকে একবার টিকা দেওয়া হয়েছে। তাহলে আবারও দেওয়া হলো কেন, প্রশ্ন করলে তাঁকে জানানো হয়, এতে কিছু হবে না। এরপর জজ মিয়াকে বাড়ি চলে যেতে বলা হয়।

জজ মিয়া তখন জানান, এক মিনিট আগেই তাঁকে একবার টিকা দেওয়া হয়েছে। তাহলে আবারও দেওয়া হলো কেন, প্রশ্ন করলে তাঁকে জানানো হয়, এতে কিছু হবে না। এরপর জজ মিয়াকে বাড়ি চলে যেতে বলা হয়। জজ মিয়া বলেন, তিনি বাড়িতে এসে বিষয়টি এলাকার কয়েকজনের সঙ্গে পরামর্শ করলে তাঁরা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে তিনি আবারও হাসপাতালের টিকাদান কেন্দ্রে যান। সেখানে গিয়ে পুনরায় জানতে চাইলে কর্মরত লোকজন দাবি করেন, জজ মিয়াকে একটি টিকাই দেওয়া হয়েছে।

স্যাকমো আলমগীর হোসেনের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। তবে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর মোহাম্মদ শামছুল আলম বলেন, ‘বিষয়টি শুনে জজ মিয়াকে হাসপাতালে এনে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তিনি সুস্থ আছেন। আমার স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেনের কাছ থেকে জানতে চাইলে তিনি দুই ডোজ টিকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।’

নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, জজ মিয়া নিজ বাড়িতেই আছেন। এখন পর্যন্ত তাঁর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। আর বিষয়টি তদন্ত করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলা হয়েছে।