নেত্রকোনায় জঙ্গি সন্দেহে কিশোরী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

নেত্রকোনায় জঙ্গিবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ বছরের এক কিশোরীকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব–৩) সদস্যরা। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কিশোরীকে নেত্রকোনা মডেল থানায় সোপর্দ করা হয়।

পুলিশ বলছে, ওই কিশোরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আইডি, অ্যাপস ও চ্যানেলের মাধ্যমে জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ওই কিশোরী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য। সে টেলিগ্রাম নামের অ্যাপসের কয়েকটি চ্যানেল এবং একাধিক ফেসবুক আইডি ও গ্রুপের সদস্য হিসেবে সহযোগীদের সঙ্গে রাষ্ট্রবিরোধী ও জঙ্গিবাদী বিভিন্ন বার্তা ও ভিডিও আদান-প্রদান করে আসছিল। র‍্যাব সদস্যদের সংগ্রহ করা ১২৬ পৃষ্ঠা কাগজে তার এ ধরনের বার্তা আদান–প্রদানের প্রমাণ রয়েছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আপত্তিকর এবং উসকানিমূলক কথাবার্তা রয়েছে।

ওই কিশোরীর ফেসবুকে ১ হাজার ৩৬০ জন বন্ধু ছাড়াও অনেক ফলোয়ার রয়েছে জানিয়ে ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, র‌্যাব সদস্যরা আগে থেকেই তার বিষয়ে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান চালিয়ে আসছিলেন। গতকাল ভোরে তাকে তার দাদার বাড়ি থেকে আটক করে রাতে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র‍্যাব-৩–এর ডিএডি ইখতিয়ার হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে শারমিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।

আদালতে পাঠিয়ে ওই কিশোরীর বিরুদ্ধে সাত দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি।