নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাতটার দিকে বিরিশিরি-দুর্গাপুর সড়কের কৃষ্ণেরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ফাহিম (৬)। সে কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের মো. এমদাদুল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে ফাহিম তার এক আত্মীয়ের সঙ্গে কৃষ্ণেরচর বাজারে যায়। কেনাকাটা শেষে সে হেঁটে বাড়ির উদ্দেশে রওনা হয়। রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে বালু নিতে আসা একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন ফাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। এদিকে শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঘটনার প্রতিবাদে কৃষ্ণেরচর বাজারের বিক্ষুব্ধ লোকজন রাস্তা অবরোধ করে রাখেন। এ সময় ব্যস্ত ওই সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর এ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। তাঁকে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।