নেত্রকোনায় তরুণী উদ্ধার, সন্দেহভাজন পাচারকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পাচারকারী চক্রের হাত থেকে এক তরুণীকে (২০) উদ্ধার করেছেন এলাকাবাসী। এ সময় সন্দেহভাজন দুই পাচারকারীকে আটক করে পুলিশে দেওয়া হয়। গতকাল শনিবার উপজেলার জারিয়া রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া ওই তরুণীর বাড়ি রংপুর সদর উপজেলায়। আটক দুজন হলেন মো. আবুল কাশেম (৪৫) ও তাঁর স্ত্রী (৩৮)। তাঁদের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পুকরাকান্দা গ্রামে।
পুলিশ জানায়, আবুল কাশেম ও তাঁর স্ত্রী এক সপ্তাহ আগে তাঁদের পূর্বপরিচিত ওই তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে রংপুর থেকে দুর্গাপুরে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে একটি ঘরে আটকে রেখে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালানো হয়। এরপর নারায়ণগঞ্জে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেন তাঁরা। তবে গতকাল ওই তরুণী কৌশলে পালিয়ে জারিয়া রেলস্টেশনে চলে আসেন। বিষয়টি টের পেয়ে তাঁর পিছু নেন আবুল কাশেম ও তাঁর স্ত্রী। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁরা ওই তরুণীকে স্টেশন থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা চালান।