নেত্রকোনায় ধনু নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার খালিয়াজুরির ধনু নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফসল রক্ষা বাঁধ হুমকিতে পড়ছে। ছবিটি আজ রোববার সকালে রসুলপুর এলাকা থেকে তোলা
ছবি: প্রথম আলো

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদের পানি দ্রুত বাড়ছে। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। উজানে পাহাড়ি ঢলের কারণে গত শুক্রবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত নদের পানি ৬৯ সেন্টিমিটার বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো ফসল রক্ষা বাঁধ ভাঙার খবর পাওয়া যায়নি। তবে বেশি ঝুঁকিতে আছে কীর্তনখোলা ফসল রক্ষা বাঁধ।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত প্রথম আলোকে বলেন, ধনু নদের পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। পানি দ্রুত বাড়ছে। এখনো কোনো বাঁধ না ভাঙলেও বেশ কিছু বাঁধে পানি ছুঁই ছুঁই অবস্থা। এর মধ্যে কীর্তনখোলা বাঁধের চারটি অংশ খুবই ঝুঁকির মধ্যে আছে। স্থানীয় কৃষকদের নিয়ে বাঁধ রক্ষায় চেষ্টা চলছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম আরিফুল ইসলাম বলেন, ধনু নদের পানি বাড়ায় বাঁধে পানির চাপ বেড়েছে। বাঁধ রক্ষায় তাঁরা মাঠে আছেন। এরই মধ্যে হাওরের প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়ে গেছে। বাকি খেতের ধান দ্রুত কাটা হচ্ছে।

পাউবো সূত্র জানায়, ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে গত বৃহস্পতিবার আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। খালিয়াজুরীর ধনু নদে এর প্রভাব পড়ছে। ধনু নদ ছাড়াও জেলার কংস, সোমেশ্বরী, উব্দাখালীসহ ছোট-বড় নদ-নদীর পানি বাড়া অব্যাহত আছে। পানি বাড়ায় মদন ও খালিয়াজুরীর বিভিন্ন হাওরের অন্তত ২৫টি ফসল রক্ষা বাঁধ আবার হুমকির মধ্যে পড়েছে। এর মধ্যে কীর্তনখোলা বাঁধের চারটি অংশ মারাত্মক হুমকির মুখে আছে। কৃষকেরা আশঙ্কা করছেন, যেকোনো সময় বাঁধ ভেঙে তলিয়ে যেতে পারে শত শত একর জমির বোরো ধান। তবে বাঁধ রক্ষায় তাৎক্ষণিকভাবে সংস্কারকাজও চলছে।