নেত্রকোনায় নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার
নেত্রকোনায় নিখোঁজ হওয়ার এক দিন পর আফসানা মিতু মণি নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নেত্রকোনা মডেল থানার পুলিশ নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়া গ্রামের একটি বাড়ির সামনের পুকুর থেকে ভাসমান অবস্থায় আফসানার লাশ উদ্ধার করে।
মারা যাওয়া আফসানা (১৯) ওই গ্রামের মো. শফিকুল ইসলাম তালুকদারের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির সামনের পুকুরে শাক ও মাছ ধুতে যান আফসানা। এরপর ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় লোকজন পুকুরে তাঁর ভাসমান লাশ দেখতে পান। পরে খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। রাত পৌনে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ বাড়ির প্রাঙ্গণে রাখা হয়।
ঘটনাস্থল থেকে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে পরিবারের লোকজন জানিয়েছেন, মেয়েটি সাঁতার জানতেন না। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। ঊর্ধ্বতনদের সঙ্গে পরামর্শ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।