নেত্রকোনায় নির্বাচনী বিরোধের জেরে গৃহবধূকে হত্যার অভিযোগ
নির্বাচনী বিরোধের জের ধরে নেত্রকোনার খালিয়াজুরীতে এক গৃহবধূকে শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে উপজেলার আমানিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পরে বিকেল পাঁচটার দিকে পুলিশ ওই গৃহবধূর ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করে।
মারিয়া আক্তার (২০) ওই গ্রামের আমির হামজার স্ত্রী। তিনি একই গ্রামের কামরুজ্জামানের মেয়ে। নিহতের পরিবারের অভিযোগ, নির্বাচনী বিরোধের জের ধরে মারিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খালিয়াজুরী সদর ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য পদপ্রার্থী ছিলেন মারিয়ার শাশুড়ি সাজুবান বেগম। মারিয়ার বড় ভাই আক্তার মিয়ার স্ত্রী আফিয়া আক্তারও একই ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ছিলেন। দুজনই নির্বাচনে পরাজিত হয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁর বাবার বাড়িতে মারিয়ার মৃত্যুর সংবাদ দেন। পরে মারিয়ার বাবার বাড়ির লোকজন এসে দাবি করেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা পুলিশকে খবর দিলে বিকেল পাঁচটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মারিয়ার ভাই রুবেল মিয়া ও আক্তার মিয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মারিয়ার শ্বশুরবাড়ির সঙ্গে তাঁদের পরিবারের বিরোধের সৃষ্টি হয়েছিল। তখন থেকেই তাঁরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। মারিয়াকেও অত্যাচার-নির্যাতন করা হচ্ছিল। তাঁদের দাবি, মারিয়াকে শ্বাসরোধে বা অন্য কোনোভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর থেকে মারিয়ার শাশুড়ি সাজুবান বেগম, স্বামী আমির হামজাসহ বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ পাওয়া গেছে। তাই এ ব্যাপারে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান বলেন, বিষয়টি সন্দেহজনক হওয়ায় গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।