নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় চণ্ডীগড় ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের কুরের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া জান্নাতুল ওই এলাকার খলিল মিয়ার মেয়ে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে জান্নাতুলের মা বাড়ির সামনে উঠানে শুকাতে দেওয়া ধান তুলছিলেন। জান্নাতুল মায়ের পাশেই ছিল। কোনো এক ফাঁকে সে রাস্তার পাশে থাকা পুকুরের পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরের পানিতে শিশুটির দেহ ভেসে ওঠে। স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।