নেত্রকোনায় ব্যবসায়ীকে হত্যার ঘটনায় মামলা, যুবক গ্রেপ্তার
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হেকমত আলী (৬২) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের ছেলে মাহবুব আলম বাদী হয়ে মামলাটি করেন। এতে মাসুদ মিয়া (২২) নামের অভিযুক্ত এক ব্যক্তিকে প্রধান আসামিসহ চারজনের নাম উল্লেখ করা হয়।
পরে পুলিশ সিদ্দিক মিয়া (২৩) নামের এক আসামিকে গ্রেপ্তার করে। মামলার অন্য আসামিরা হলেন রাহেদুল মিয়া (২২) ও মাসুদ মিয়ার বাবা জালাল উদ্দিন (৫৪)। তাঁদের প্রত্যেকের বাড়ি চকলেঙ্গরা গ্রামে।
নিহত হেকমত আলীর বাড়ি উপজেলার মধ্যমবাগান এলাকায়। ওই গ্রামে তাঁর মুদি ও জ্বালানি তেলের দোকান ছিল। গত রোববার দিবাগত রাত দুইটার দিকে নিজ দোকানে তাঁকে কুপিয়ে ও গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, হেকমত প্রতিদিনের মতো গত রোববার রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে তিনি ব্যক্তিগত প্রয়োজনে বাইরে বের হন। এ সময় মাসুদ মিয়া তাঁর দোকানে ঢুকে ড্রয়ার থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। হেকমত আলী এসে এতে বাধা দিলে মাসুদ অস্ত্রের ভয় দেখান। এ সময় দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কুপিয়ে ও গলায় রশি পেঁচিয়ে হেকমতকে হত্যার চেষ্টা করেন মাসুদ। এ সময় ভেকুচালক শাহিন মিয়া ও লরিচালক অন্তর মিয়া ওই দোকানে ডিজেল নিতে যান। তাঁরা ধস্তাধস্তির দৃশ্য দেখে মাসুদকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। পরে হেকমতকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার বাদী মাহবুব আলম বলেন, ‘মাসুদ মিয়া আমার বাবার দোকানে প্রায়ই বসতেন। ঘটনার দিন সন্ধ্যায় মাসুদের সামনে আমার বাবা দোকানের মালামাল কিনতে জমানো বেশ কয়েক লাখ টাকা গুনছিলেন। এরপর রাতে মাসুদ মিয়াসহ সংঘবদ্ধ একটি চক্র বাবাকে খুন করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। বাবাকে তো আর ফিরে পাব না। তবে ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. শফিকুল ইসলাম বলেন, মামলার এক আসামিকে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।