নেত্রকোনায় মদনপুর ইউপির আ.লীগের প্রার্থী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা ই কাদের
ছবি: সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা ই কাদের (৮৪) মারা গেছেন। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আজ রোববার বেলা দুইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

উপজেলার নন্দীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা ই কাদের মদনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন তিনি। কর্মজীবনে তিনি কেন্দুয়া উপজেলার বৈখরহাটি নরেন্দ্র কান্ত উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিলেন।

জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুজিবুল আলম হিরা প্রথম আলোকে বলেন, মোস্তফা ই কাদের আজ রোববার সকালে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের লোকজন তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বেলা দুইটার দিকে ওই হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আজ বাদ মাগরিব মদনপুরে হজরত শাহ সুলতান কমর উদ্দিন রুমির (র.) মাজার প্রাঙ্গণে জানাজা শেষে মোস্তফা ই কাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ব্যক্তিজীবনে তিনি নিঃসন্তান ছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর, আটপাড়া ও বারাহট্টা উপজেলার ২৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে মদনপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন মোস্তফা ই কাদের। ১৭ অক্টোবর ওই ইউনিয়নে তিনি ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. মহসিন ও বর্তমান চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নেত্রকোনা জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল লতিফ শেখ প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, যেহেতু মদনপুর ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন, ওই ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত রাখা হবে। বাকি পদে নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে।