নেত্রকোনায় সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন
সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল চারটা ২০ মিনিটে তাঁর জন্মভূমি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে নিজ বাড়ির প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়।
সাহাবুদ্দীন আহমদের ভাতিজা সোহরাব উদ্দিন বলেন, বেলা তিনটার দিকে হেলিকপ্টারে করে সাহাবুদ্দীন আহমদের মরদেহ কেন্দুয়া পৌরসভার আদমপুর এলাকার হেলিপ্যাড মাঠে নিয়ে আসা হয়। এরপর বিকেল চারটার দিকে পেমই গ্রামে নিজ বাড়িতে মরদেহ পৌঁছায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে সাহাবুদ্দীন আহমদের মরদেহ আবারও ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।
জেলা প্রশাসন, পুলিশ, রাজনৈতিক নেতারাসহ আশপাশের বিভিন্ন উপজেলার মানুষ সাহাবুদ্দীন আহমদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জিয়া আহমেদ, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন খন্দকার, স্থানীয় সাংসদ অসীম কুমার উকিলের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আসাদুল হক ভুইয়া, বিএনপির পক্ষে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম প্রমুখ জানাজায় উপস্থিত ছিলেন। জানাজার আগে সাহাবুদ্দীন আহমদকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়।
সাহাবুদ্দীন আহমদের ছেলে সোহেল আহমদ জানান, হেলিকপ্টারে তাঁর বাবার মরদেহ সরাসরি ঢাকায় নিজ বাড়িতে নেওয়া হবে। এরপর রাতে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমাগারে রাখা হবে। আগামীকাল রোববার সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
সোহেল আহমদ বলেন, তাঁর বাবার ইচ্ছা ছিল গ্রামের বাড়িতে এসে কয়েক দিন থাকবেন। তবে ওই ইচ্ছা আর পূরণ করা সম্ভব হলো না।
সাহাবুদ্দীন আহমদের গ্রামের বাড়িতে জরাজীর্ণ দুটি টিনের ঘর আছে। ওই ঘরে সাহাবুদ্দীন আহমদের ভাই মৃত মনির উদ্দিনের ছেলে সোহরাব উদ্দিন পরিবার নিয়ে বাস করেন।
এর আগে আজ সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সাহাবুদ্দীন আহমদ শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর প্রথম আলোকে বলেন, সাহাবুদ্দীন আহমদ আজ সকাল ১০টা ২৮ মিনিটে মারা গেছেন। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আসাদুজ্জামান নূরের ভাই আহাদুজ্জামান মোহাম্মদ আলীর শ্বশুর।
সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়।