নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে মিলন মিয়া নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বেলা একটার দিকে নেত্রকোনার জেলা দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবির এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মিলন মিয়া বারহাট্টা উপজেলার বৃকালিকা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তাঁর বর্তমান ঠিকানা জেলা শহরের সাতপাই শ্মশানঘাট এলাকায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা গেছে, মিলন মিয়া ২০১৫ সালে নরসিংদী শহরের একটি দোকানে চাকরি করতেন। নরসিংদীর শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে নাছরিন আক্তারের সঙ্গে প্রেম হয়। ২০১৬ সালের ১০ জানুয়ারি তাঁদের বিয়ে হয়। পরে স্ত্রীকে নিয়ে মিলন মিয়া নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। একপর্যায়ে এ দম্পতির মধ্যে কলহ শুরু হয়। ২০১৭ সালের ১৯ আগস্ট রাত নয়টার দিকে সুমন মিয়া তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। লাশটি শহরের হোসেনপুর এলাকার ধানখেতে ফেলে রাখেন।

এ ঘটনায় দুদিন পর নেত্রকোনা মডেল থানার তখনকার উপপরিদর্শক (এসআই) সোলায়মান হক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৮ নভেম্বর মিলন মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি ইফতেকার উদ্দিন আহাম্মদ বলেন, ৯ সাক্ষীর সাক্ষ্য শেষে মিলন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।