নেত্রকোনায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলায় আহত ১০
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে ইউনিয়নের লেঙ্গুড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থীর ১০ কর্মী-সমর্থক আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ভূঁইয়ার কর্মী-সমর্থকেরা লেঙ্গুড়া বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগ প্রার্থী রফিকুল ইসলাম ওরফে গোলাপের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুরের কর্মী-সমর্থক জহিরুল ইসলাম, অন্তর মিয়া, আবদুল মিয়া ও বাবুল মিয়াসহ ১০ জন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত জহিরুল ইসলাম, অন্তর মিয়া, আবদুল মিয়া ও বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান ভূঁইয়া বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করেছেন। চারটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। আমার নির্বাচনী প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এসব বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়সহ থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বলেন, ‘আমার কোনো কর্মী-সমর্থক কারও ওপর হামলা চালাননি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধা বা ভয়ভীতি দেখানোর বিষয় সত্য নয়। আমার নামে মিথ্যাচার করা হচ্ছে।’
হামলার বিষয়ে জানার জন্য কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খানের মুঠোফোনে কল করা হলে তিনি ধরেননি। পুলিশ সুপার মো. আকবর আলী বলেন, ‘খবর পেয়ে গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’