নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ খান

নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খান (৮২) মারা গেছেন। আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

সুলতান আহমেদ খান কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি উপজেলার কনুড়া গ্রামের বাসিন্দা এবং স্বাধীনতাপরবর্তী কৈলাটি ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান আহমেদ খান গত বুধবার বিকেলে কলমাকান্দার পাগলা বাজারে নিজ বাসার সামনে হাঁটছিলেন। এ সময় একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি মাথা ও শরীরে আঘাত পান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে ওই রাতে তাঁকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

সুলতান আহমেদ খানের ছেলে ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান খান প্রথম আলোকে বলেন, আজ বাদ আসর কৈলাটি জনতা উচ্চবিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হবে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধাকে যে ইজিবাইক ধাক্কা দিয়েছে, সেটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।