নেত্রকোনায় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামি গ্রেপ্তার
নেত্রকোনার কলমাকান্দায় হাতকড়া খুলে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া চুরির মামলার আসামি রাজিব তালুকদারকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ৩২ ঘণ্টা পর গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নিজ এলাকা বাউশালি থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে।
আসামি রাজিব তালুকদার উপজেলার বড়খাপন ইউনিয়নের বাউশালি গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। গত রোববার রাত সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি উপজেলার পাচউড়া এলাকায় পুলিশের মোটরসাইকেল থেকে দৌড়ে পালিয়ে যান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব একটি চুরির মামলার সাজাপ্রাপ্ত ফেরারি আসামি। গত রোববার সন্ধ্যায় বাউশালি এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরে মোটরসাইকেলে করে থানার উদ্দেশে রওনা হয় পুলিশ। পথে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের পাচউড়া এলাকায় কৌশলে হাতকড়া খুলে মোটরসাইকেল থেকে দৌড়ে পালিয়ে যান রাজিব। ঘটনার এক দিন পর গতকাল সোমবার রাত সাড়ে তিনটার দিকে পুলিশ বাউশালি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আসামির হাত চিকন ছিল, তাই কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান। তবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বলেন, যে দুজন পুলিশ সদস্য পালিয়ে যাওয়া আসামির সঙ্গে ছিলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। এ ছাড়া বিষয়টি তদন্ত করতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েলকে বলা হয়েছে।
২০১৭ সালের ৫ মে থেকে রোববার পর্যন্ত চার বছরে নেত্রকোনায় পুলিশের কাছ থেকে হাতকড়া খুলে, হাতকড়াসহ অন্তত ১০ জন আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য ওই আসামিরা পরে বিভিন্ন সময়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন। আর দায়িত্বের অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সাময়িক প্রত্যাহার করা হয়।