নেত্রকোনায় ৯ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, আটক ১
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রোববারের ওই ঘটনায় মো. সামছুল মিয়া (৫৮) নামের এক ব্যক্তিকে আজ সোমবার দুপুরে আটক করেছে পুলিশ।
শিশুটির বাড়ি দুর্গাপুর পৌর এলাকায়। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আজ দুপুরে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শিশুটির অভিভাবকেরা বলছেন, গতকাল সন্ধ্যায় শিশুটি বাড়ির কাছের একটি মাঠে খেলা করছিল। এ সময় প্রতিবেশী সামছুল মিয়া তাকে ‘বাবা ডাকছে’ বলে একটি কুমড়োখেতে নিয়ে যান। এরপর সেখানে শিশুটিকে ধর্ষণ করেন। এদিকে সন্ধ্যার পরও শিশুটি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় তাঁরা দেখেন, শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছে। জিজ্ঞাসাবাদে শিশুটি ধর্ষণের ঘটনা জানায় এবং একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলে। রাতে তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) তানজিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তার বেশ রক্তক্ষরণ হয়েছে। গতকাল রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলা হয়েছিল। অভিভাবকেরা তাকে আজ দুপুরে নিয়ে গেছেন।
দুর্গাপুর থানার পরিদর্শক মীর মাহাবুবুর রহমান আজ বেলা তিনটার দিকে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে এখনো কেনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির সঙ্গে কথা বলা হয়েছে। অভিযোগ সত্য বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। অভিযুক্ত সামছুল মিয়াকে আজ বেলা একটার দিকে আটক করা হয়েছে।