নেশার টাকা না পেয়ে মাকে মারধর, বাবার আঘাতে ছেলের মৃত্যু
নেশার টাকা না পেয়ে প্রায়ই ঘরের বিভিন্ন জিনিস, আসবাব ভাঙচুর, এমনকি মা–বাবাকে মারধর করতেন আবদুল হক (৩০)। গতকাল শনিবার রাতেও এমন কাণ্ড চালান তিনি। কিন্তু এবার আর বাবা আলী আমজাদ হোসেন (৬২) ঠিক থাকতে পারলেন না। কাঠ দিয়ে ছেলের মাথায় আঘাত করে বসেন। এতে ঘটনাস্থলেই মারা যান আবদুল হক।
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের তিতারজানা গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃতদেহটি আমজাদ ও তাঁর স্ত্রী মিলে রাতেই ঘরের মাটি খুঁড়ে পুঁতে ফেলেন। পুলিশ আজ রোববার বিকেলে নিহত আবদুলের লাশ উদ্ধার করে। ঘটনায় জড়িত অভিযোগে বাবা আলী আমজাদ ও মা রাবেয়া খাতুনকে (৫৫) আটক করে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুল হক দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা না পেয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুরসহ মা–বাবাসহ আত্মীয়স্বজনের মারধর করতেন। তিনি বিভিন্ন সময়ে তিনটি বিয়ে করেছিলেন। তাঁর একটি ছেলেসন্তান রয়েছে। কিন্তু স্ত্রী–সন্তান সবাই তাঁকে ছেড়ে চলে গেছেন। গতকাল রাত ১১টার দিকে তিনি নেশার টাকা দিতে বাবা আলী আমজাদকে চাপ দেন। কিন্তু আলী আমজাদের কাছে টাকা না থাকায় তিনি দিতে অপারগতা প্রকাশ করেন।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আবদুল হক ঘরের আসবাব ভাঙচুর চালান। বাধা দিতে গেলে আবদুল হক তাঁর মা রাবেয়াকে মারধর শুরু করেন। এ সময় রাগের মাথায় আলী আমজাদ ঘরে থাকা মুগুর (কাঠের তৈরি শক্ত হাতল) দিয়ে মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছেলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে লাশটি নিজ বসতঘরের দক্ষিণ কোণে কোদাল দিয়ে মাটির খুঁড়ে পুঁতে রাখা হয়। স্থানীয় লোকজন দুপুরে বিষয়টি পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা সাড়ে তিনটার দিকে মাটির নিচ থেকে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নূর এ আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত আবদুলের বাবা আলী আমজাদ হোসেন ও মা রাবেয়া খাতুনকে আটক করা হয়েছে। এ নিয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
তবে পুলিশের হেফাজতে থাকায় আলী আমজাদ ও রাবেয়া খাতুনের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।