‘নেশার টানে’ পুলিশ হেফাজত থেকে পালানো আসামি গ্রেপ্তার
নাটোর আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মনিরুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-পুলিশের ব্যাপক অভিযান শেষে আজ শুক্রবার ভোরে বাগাতিপাড়া উপজেলার ছলিমপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ‘নেশার টানে’ তিনি হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আসামি পালানোর ঘটনায় দুই পুলিশ সদস্য রায়হান হোসেন ও আকরাম হোসেনকে লালপুর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁরা দুজন আসামির দায়িত্বে ছিলেন।
লালপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে লালপুর থানা থেকে নাটোর কোর্ট হাজতখানায় নেওয়ার সময় জেলা প্রশাসন ভবনের নিচতলা থেকে আসামি মনিরুল ইসলাম হাতকড়া খুলে পালিয়ে যান। ঘটনাটি জানাজানি হওয়ার পর জেলা পুলিশ ও র্যাব সদস্যরা তাঁকে ধরতে যৌথ অভিযান শুরু করে। সারা রাত অভিযান শেষে শুক্রবার ভোরে ওই আসামির বাড়ির এলাকা বাগাতিপাড়ার ছলিমপুর থেকে আবার গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল পুলিশ সুপারকে জানিয়েছে, মাদকের নেশার টানে তিনি পালিয়েছিলেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বাদি হয়ে মনিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। সেই মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপার লিটন কুমার সাহা পলাতক আসামি মনিরুল ইসলামকে আবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অটোভ্যান চুরির মামলার আসামি মনিরুল ইসলাম একজন মাদকাসক্ত। আদালতে নেওয়ার পথে তিনি নেশার টানে হাতকড়া থেকে হাত বের করে পালিয়েছিলেন। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।