নৌকা-ধানের শীষ সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার সাতকানিয়ার চরপাড়ায় নির্বাচনী সভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জোবায়ের l প্রথম আলো
গত শুক্রবার সাতকানিয়ার চরপাড়ায় নির্বাচনী সভায় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জোবায়ের l প্রথম আলো

পৌর নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। এর ব্যতিক্রম নয় সাতকানিয়া পৌরসভা। পৌর এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানারে। চলছে প্রার্থীর পক্ষে মাইকিং। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে সবার দৃিষ্ট আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীদের দিকে। ভোটারদের কাছে টানতে দুই দলের প্রার্থীই আদাজল খেয়ে নেমেছেন নির্বাচনী মাঠে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিরামহীন প্রচারণা।
সাতকানিয়া নির্বাচন কার্যালয় সূত্র জানায়, মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগের মোহাম্মদ জোবায়ের, বিএনপির রফিকুল আলম ও জাতীয় পার্টির (এরশাদ) মো. ইউসুফ চৌধুরী।
গত বৃহস্পতিবার সরেজমিনে পৌরসভার শানিয়ারপাড়া, জেলেপাড়া, রামপুর ও সতীপাড়া ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ জোবায়ের ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের কারও হাতে ছোট আকারের নৌকা, কারও হাতে প্রতীক ও প্রার্থীর ছবিসংবলিত প্রচারপত্র (লিফলেট)। এ সময় প্রার্থী আওয়ামী লীগ সরকারের উন্নয়নের নানা চিত্র ভোটারদের সামনে তুলে ধরে তিনি নির্বাচিত হলে পৌরসভার সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস দিচ্ছেন। মোহাম্মদ জোবায়ের বলেন, ‘সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকার ভোটারদের কাছে যাচ্ছি। দলের নেতা-কর্মী-সমর্থকেরাও বিরামহীনভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।’
অন্যদিকে গত শুক্রবার ভোয়ালিয়াপাড়া, আশেকেরপাড়া ও ইছামতিরকূলে দেখা গেছে, বিএনপির প্রার্থী রফিকুল আলমও ধানের শীষ হাতে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাঁর সঙ্গে িবএনপির নেতা-কর্মীরা আছেন। তিনি ভোটারদের পৌরসভায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
রফিকুল আলম বলেন, ‘এখন তো দম ফেলারও ফুরসত নেই। রাত-দিন সমানে চলছে প্রচারণা। দলের নেতা-কর্মীরাও উৎসাহ-উদ্দীপনার মধ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন।’ তবে জাতীয় পার্টির প্রার্থীর প্রচারণা তেমন চোখে পড়েনি। পৌরসভার সব ওয়ার্ডে তাঁর পোস্টারও টাঙানো হয়নি।
জাতীয় পার্টির প্রার্থী মো. ইউসুফ চৌধুরী দাবি করেন, প্রচারণা চলছে, তবে বড় দুই দলের প্রার্থীর চেয়ে একটু কম। সামনে জোরেশোরে প্রচারণা শুরু হবে। গণসংযোগের পাশাপাশি মাইকিংয়েও চলছে প্রচারণা। নানা প্যারোডি গান ও সুরে প্রার্থীর এবং প্রতীকের গুণকীর্তন তুলে ধরছেন প্রচারকর্মীরা।
সাতকানিয়া জামে মসজিদ মোড়ের ব্যবসায়ী ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার মাসুদুল করিম বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থীর প্রচারণাই চোখে পড়ছে বেশি। তাঁদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে পৌরসভা এলাকার অলিগলি। সাতকানিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, মেয়র পদপ্রার্থীদের মধ্যে বড় দুই দলের প্রার্থীরা প্রচারণায় এগিয়ে রয়েছেন। তবে প্রচারণার সময় কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি।