রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অবৈধভাবে থাকা অনাবাসিক শিক্ষার্থীদের আসন থেকে নামিয়ে সেখানে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে হল প্রশাসন। এ জন্য আজ শুক্রবার বিকেলে হলটিতে অভিযান চালাবে তারা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এ সময় প্রাধ্যক্ষ পরিষদসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। হলটির প্রাধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন আজ সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
জাহাঙ্গীর হোসেন বলেন, আজ তাঁরা হলের আবাসিক ৪৪ শিক্ষার্থীকে বরাদ্দ পাওয়া আসনে তুলে দেবেন। এ ছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের দখলে থাকা ৭২টি আসন থেকে তাঁদের নামিয়ে দেওয়া হবে।
এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে হুমকি পাচ্ছেন জানিয়ে প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্নভাবে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। হলের সিট দখলমুক্ত করলে তাঁর পরিবারের সদস্যদের বিপদাপন্ন করা হবে বলেও হুমকি পাচ্ছেন। তবে এসবে তিনি ভয় পান না। জীবন চলে গেলেও ছাত্রদের কল্যাণেই কাজ করবেন।
গত ২৩ জুন হল শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষের স্বাক্ষর করা একটি নোটিশের মাধ্যমে হলে অবস্থান করা অনাবাসিক, বহিরাগত ও অন্য হলের শিক্ষার্থীদের ২৯ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কোনো শিক্ষার্থী তাঁর সমস্যার বিষয়ে ব্যক্তিগতভাবে হল প্রশাসনের সঙ্গে কথা বলতে চাইলে ২৮ জুনের মধ্যে অভিভাবকসহ হল প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে শর্ত অনুযায়ী কেউ দেখা করেননি। এমনকি অনাবাসিক কোনো শিক্ষার্থী এখন পর্যন্ত নেমেও যাননি। ওই নোটিশে আবাসিক শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দেওয়া হলে তাৎক্ষণিক আইনি ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল।
বিভিন্নভাবে তাঁকে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। হলের সিট দখলমুক্ত করলে তাঁর পরিবারের সদস্যদের বিপদাপন্ন করা হবে বলেও হুমকি পাচ্ছেন। তবে এসবে তিনি ভয় পান না। জীবন চলে গেলেও ছাত্রদের কল্যাণেই কাজ করবেন
হল সূত্র ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ৯৪টি আসন খালি হয়। এরপর হল প্রশাসন শিক্ষার্থীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে ভাইভা নিয়ে অ্যাকাডেমিক ফলাফল ও অন্যান্য বিবেচনায় ৬৬ জন শিক্ষার্থীকে হলে আসন বরাদ্দ দেয়। তবে এই ৬৬ জনের মধ্যে মাত্র ২২ জনকে তাঁদের আসনে তুলতে পেরেছে প্রশাসন। এখন পর্যন্ত ৯৪টি আসনের বিপরীতে ৭২টি দখল হয়ে আছে। বৈধভাবে যাদের আসন দেওয়া হয়েছে, তাঁরাও অনাবাসিক দখলদারদের দ্বারা হুমকি পাচ্ছেন। এমনকি হল থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।
হলে আবাসিকতা পাওয়া শিক্ষার্থীরা প্রায় প্রতিদিনই হলে গিয়ে নিজের সিটে ওঠার চেষ্টা করেছেন। কখনো কখনো হল প্রশাসন তাঁদের নিজ দায়িত্বে সিট খুঁজে নিয়ে উঠতেও বলেছে। গত ১৬ জুন একজন অনাবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র হল প্রশাসন জব্দ করায় হল শাখা ছাত্রলীগের সহসভাপতি শামীম ওসমান হলের ফটকে তালা দেন। এই নেতাও অনাবাসিক শিক্ষার্থী। এরপর থেকে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর হয়েছে। প্রাধ্যক্ষ পরিষদও একাধিক সভা করেছে।
হল প্রশাসন বলছে, গত কয়েক মাসে আরও অসংখ্য শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ করে চলে গেছেন। তাঁদের আসনও ছাত্রলীগের নেতা-কর্মীরা দখল করে ফেলেছেন। আজ শুক্রবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে অন্য হলগুলোর প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই থাকবেন। দখল করা আসনগুলো আজ উদ্ধার করা হবে এবং সেখানে আবাসিক শিক্ষার্থীদের তুলে দেওয়া হবে।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক তানজিল ভূঞা বলেন, হলে এই নোটিশ দেওয়ার পর একের পর এক হুমকি দখলকারীদের কাছ থেকে আসছে। তবে হল প্রশাসন তাদের সিদ্ধান্তে অটল।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ফেরদৌসি মহল প্রথম আলোকে বলেন, প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ওই নোটিশ দেওয়া হয়েছিল। তিনিসহ সব কটি হলের প্রাধ্যক্ষ আজ ওই হলে থাকবেন। এই হল দিয়ে এটা শুরু হবে। তাঁরা চেষ্টা করছেন যাতে আবাসিক শিক্ষার্থীরা সুন্দরভাবে হলে অবস্থান করতে পারেন।