নোয়াখালী কারাগারে নারী নির্যাতন মামলার আসামির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

নোয়াখালী জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাবন্দী এক আসামির মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল পৌনে আটটার দিকে তাঁর মৃত্যু হয়। জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফণীভূষণ দেবনাথ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই আসামির নাম মোহাম্মদ সাগর (২৯)। তিনি সোনাইমুড়ী উপজেলার বগাদিয়া গ্রামের মোহাম্মদ শফিউল্লাহর ছেলে। সোনাইমুড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় গত ৯ আগস্ট তাঁকে কারাগারে পাঠানো হয়।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, কারাগারে আসার পর থেকেই সাগর একাধিকবার বুকে ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। সবশেষ আজ সকাল সাড়ে ছয়টার দিকে বুকের তীব্র ব্যথায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কারাগারের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মইনুদ্দীন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, সকাল পৌনে আটটার দিকে কয়েকজন কারারক্ষী কারাগার থেকে একজন আসামিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। ওই ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

জেলা কারাগারের তত্ত্বাবধায়ক ফণীভূষণ দেবনাথ বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার কারাবন্দী আসামি মোহাম্মদ সাগরের মৃত্যুর খবরটি তাঁর পরিবারকে দেওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকজন কারাগারে এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।