নোয়াখালীতে অগ্নিকাণ্ডে চারটি দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ড
প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের রব বাজারে আগুন লেগে চারটি দোকান ভস্মীভূত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই দোকানিদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাঁরা দাবি করেছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত আড়াইটার দিকে রব বাজারের একটি মুদিদোকানের পেছনে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। এরপর মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে জেলা শহর মাইজদী থেকে ফায়ার সার্ভিসের দল এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মদিনা স্টোর, জাহাঙ্গীর ট্রেডার্স, বিসমিল্লাহ স্টোর ও ফারিয়া টেলিকম নামের চারটি দোকান আগুনে পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ীর ছেলে ধারণা করছেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।

পুড়ে যাওয়া বিসমিল্লাহ স্টোরের মালিক ফয়েজ আহমদ বলেন, কীভাবে আগুন লেগেছে, তা বুঝতে পারছেন না। তবে আগুনে তাঁর দোকানের প্রায় ছয়-সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রসূল আমিনের ছেলে আল আমিন প্রথম আলোকে বলেন, একই এলাকার একজন জনপ্রতিনিধির সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। গত নির্বাচনের আগে–পরেও ওই ব্যক্তি ও তাঁর সমর্থকেরা তাঁদের পরিবারের লোকজনের সঙ্গে অনেক ঝামেলা করেছে। তাই তাঁরা ধারণা করছেন, পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তাঁদের দোকানে অগ্নিসংযোগ করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কেউ আগুন লাগিয়ে দিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে থানায় এমন কোনো অভিযোগ করা হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।