নোয়াখালীতে ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিস্ফোরণের পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে কালো টেপ প্যাঁচানো একটি কৌটা পড়ে থাকে দেখেন। গতকাল রাতে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ির সামনের সড়কে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বসুরহাট-দাগনভূঞা সড়কের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

তবে এতে হতাহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনার পরপরই কোম্পানীগঞ্জ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে দুর্বৃত্তরা ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ওবায়দুল কাদেরের বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, সড়কের ওপর কালো টেপ প্যাঁঁচানো একটি কৌটা পড়ে আছে। তবে তাঁরা ঘটনাস্থলে দুর্বৃত্তদের কাউকে দেখেননি।

পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাজ্জাদ রোমন বলেন, আতঙ্ক ছড়াতে মন্ত্রীর বাড়ির সামনে ককটেল অথবা পটকা ফোটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারা এ হামলা চালিয়েছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ককটেলসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি ককটেল কি না, সেটা নিশ্চিত হওয়ার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে।