নোয়াখালীতে কিশোর অটোরিকশাচালক বলরাম হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবন্ধনে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা উপস্থিত ছিলেন। আজ সকালে বসুরহাট জিরো পয়েন্টে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর অটোরিকশাচালক বলরাম মজুমদারের (১৫) হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-মন্দিরে হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার বসুরহাটে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন কর্মসূচি পালনের জন্য আজ সকাল থেকে নিহত বলরাম মজুমদারের পরিবারের সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন বসুরহাট জিরো পয়েন্টে জড়ো হতে থাকেন। মানববন্ধনে বলরাম মজুমদারের মা ঝরনা রানী মজুমদার উপস্থিত ছিলেন। এ ছাড়া অতিথি ছিলেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

গত ৩১ জানুয়ারি সকালে কোম্পানীগঞ্জে একটি ধানখেত থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বলরাম মজুমদারের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের পরিবারের দাবি, দুর্বৃত্তরা বলরামকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। এ ঘটনায় বলরামের বাবা বাদী হয়ে কোম্পানীগঞ্জে একটি হত্যা মামলা করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বলরাম মজুমদার হত্যা ঘটনা দুই সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কোম্পানীগঞ্জ থানা-পুলিশ হত্যার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার বা শনাক্ত করতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। শুধু এ ঘটনায় নয়, দেশের বিভিন্ন স্থানে প্রায়ই সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি, মন্দির ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনার খবর পাওয়া যায়।

বক্তারা দাবি করেন, এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা বেশির ভাগ ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। অপরাধীদের কোনো দৃষ্টান্তমূলক সাজা হয় না। এতে দিন দিন এ ধরনের অপরাধ বেড়ে চলছে। অবিলম্বে মজুমদারের খুনি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক প্রবীর ভৌমিক, পরিষদের উপজেলা কমিটির সমন্বয়ক গোবিন্দ চন্দ্র দাস, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শংকর ভৌমিক ও কবিরহাট উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক প্রতাপ ভৌমিক প্রমুখ বক্তব্য করেন।