নোয়াখালীতে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।

নিহত যুবকের নাম মাহবুব হোসেন (২৮)। তিনি উপজেলার মেরিপাড়া গ্রামের জয়নাল আবদিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে ধন্যপুর এলাকায় কয়েকজন যুবকের মাদক ব্যবসার প্রতিবাদ করেন মাহবুব হোসেন। এ নিয়ে ওই যুবকদের সঙ্গে মাহবুব হোসেনের বাগ্‌বিতণ্ডাও হয়েছে। এর জের ধরেই আজ সকাল নয়টার দিকে ধন্যপুর এলাকার একদল দুর্বৃত্ত স্থানীয় একটি দোকান থেকে মাহবুব হোসেনকে মুঠোফোনে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে মাহবুবের লাশ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাফর আলম প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জের ধরে আজ রোববার সকালে মাহবুব হোসেন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।