নোয়াখালীতে নদী দখলমুক্ত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মরা মেঘনার শাখা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট-সংলগ্ন মরা মেঘনার তীরে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার সীমানায় মরা মেঘনার শাখা নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট-সংলগ্ন মরা মেঘনার তীরে এ মানববন্ধন করে উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী জেলা শাখা।

সংগঠনটির সাধারণ সম্পাদক জহির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবদুল বারি, কবিরহাট সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, ক্রীড়া সংগঠক মোহাম্মদ হারুন, পরিবেশ আন্দোলনের সদস্য সাখাওয়াত উল্লাহ, সাংবাদিক ইমাম উদ্দিন, চরজুবলী রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাসিম ফারুকী, স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন চৌধুরী, ফয়েজ উল্লা প্রমুখ।

বক্তারা বলেন, একসময়ের প্রমত্তা মেঘনায় নতুন চর জেগে ওঠায় এবং নদীর চর মসজিদ এলাকায় বাঁধ দেওয়ার কারণে নদীর একটি অংশ মরে যায়। এ সুযোগে স্থানীয় ভূমি অফিসের যোগসাজশে এক শ্রেণির মানুষ নদীতে মাছের খামার ও ঘরবাড়ি নির্মাণ করে দখল করে নেয়। দখলদারদের উচ্ছেদ করে সুবর্ণচরের প্রাকৃতিক জলাধার রক্ষায় উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।