নোয়াখালীতে পুকুরে মিলল অটোরিকশাচালকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নোয়াখালী সদর উপজেলায় একটি পুকুর থেকে এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চর উড়িয়া গ্রামের একটি পুকুর থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত চালকের নাম মানিক (২৫)। তিনি উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কবিরপুর গ্রামের হেঞ্জু মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে বাড়িতে ফেরেননি মানিক। পরিবারের লোকজন খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পশ্চিম চর উড়িয়া গ্রামের কলিম উদ্দিন ব্যাপারীর বাড়িসংলগ্ন পুকুরের কিনারে গলায় গামছা প্যাঁচানো এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি অটোরিকশাচালক মানিকের বলে শনাক্ত করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, খবর পেয়ে দুপুরের দিকে থানা-পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। মানিকের অটোরিকশাটি গ্যারেজে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।