নোয়াখালীতে পোশাক কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকান্ড
প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানাটির ভেতরের যন্ত্রপাতিসহ যাবতীয় মালামাল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার দিকে উপজেলার বসুরহাট বাজারের নিত্যানন্দ মোড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বসুরহাট নিত্যানন্দ এলাকার বারিক শপিং সেন্টারের দ্বিতীয় তলার মিতা টেইলার্সের কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। তবে এ সময় কারখানার ভেতরে কোনো কর্মচারী ছিলেন না। আশপাশের লোকজন আগুন দেখে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।