নোয়াখালীতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজ্জাকপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম ফজলুল করিম (৩৪)। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলার খবর পেয়ে গতকাল রাত ১০টার দিকে বেগমগঞ্জ থানা–পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ির পাশে মাছ ধরতে যান ফজলুল করিম। পূর্ব বিরোধের জের ধরে তাঁর চাচাতো ভাইয়েরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেন। পরিবারের লোকজন আহত ফজলুলকে প্রথমে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। গতকাল বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে নোয়াখালী শহরের একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহেদুল ইসলাম এই খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সুরতহালে ফজলুল করিমের দুই হাতে ধারালো অস্ত্রের এবং পায় জখমের আঘাত দেখা গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হবে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।